বিশ্বের স্বাধীন দেশগুলোকে কী করতে হবে বা তাদের নীতি কেমন হবে এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আর হুকুম দেওয়ার অবস্থায় নেই বলে দাবি করেছে ইরান। ওয়াশিংটন যখন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সংক্রান্ত ইরানের একটি নতুন প্রস্তাব পর্যালোচনা করছে, ঠিক সেই মুহূর্তে তেহরানের পক্ষ থেকে এমন কড়া বার্তা এলো।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালায়ি-নিক দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এই মন্তব্য করেন।
চলমান সংঘাতের শুরু থেকেই ইরান হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে রেখেছে। বিশ্বের মোট জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই পথ দিয়ে হয় বলে বৈশ্বিক বাজারে এর ব্যাপক প্রভাব পড়েছে। বর্তমানে যুদ্ধবিরতি চললেও স্থায়ী সমাধানের আলোচনায় এই প্রণালিটিই এখন মূল কেন্দ্রবিন্দু। যুক্তরাষ্ট্র বর্তমানে ইরান প্রদত্ত একটি প্রস্তাব খতিয়ে দেখছে, যেখানে নির্দিষ্ট শর্তে প্রণালিটি পুনরায় খুলে দেওয়ার কথা বলা হয়েছে।
রেজা তালায়ি-নিক বলেন, স্বাধীন দেশগুলোর ওপর নিজেদের নীতি চাপিয়ে দেওয়ার মতো অবস্থানে যুক্তরাষ্ট্র আর নেই। ওয়াশিংটনকে এখন তাদের অবৈধ ও অযৌক্তিক দাবিগুলো পরিত্যাগ করতে হবে। তিনি ইঙ্গিত দেন যে, বিশ্ব রাজনীতিতে আমেরিকার একক আধিপত্যের দিন ফুরিয়ে আসছে।
সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্য দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের আসন্ন বৈঠকের আগে তালায়ি-নিক একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি জানান, ইরান বিশ্বের অন্যান্য স্বাধীন রাষ্ট্রগুলোর সঙ্গে, বিশেষ করে এসসিও সদস্য দেশগুলোর সঙ্গে নিজেদের উন্নত প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতা ভাগাভাগি করতে প্রস্তুত।
সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শাসনামলে ইরান এখন আরও বেশি আঞ্চলিক জোট ও স্বাধীন দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করতে চাইছে, যা যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রভাবের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। সূত্র: এএফপি।