মধ্যপ্রাচ্যে বিরাজমান চরম অস্থিরতার মাঝে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া জানিয়েছেন, শত্রুপক্ষ যদি নতুন করে কোনো হঠকারী পদক্ষেপ নেওয়ার দুঃসাহস দেখায়, তবে তাদের রণক্ষেত্রে চরম মূল্য দিতে হবে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ইরানি সংবাদমাধ্যম ফারস নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইরানি সেনাবাহিনীর মুখপাত্রের মতে, তেহরান মনে করে না যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তাদের সংঘাতের সম্ভাবনা শেষ হয়ে গেছে। তিনি স্পষ্টভাবে বলেন, ‘আমরা কোনোভাবেই মনে করি না যে যুদ্ধ শেষ হয়ে গেছে। আমাদের বর্তমান পরিস্থিতি এখনো ‘যুদ্ধকালীন’ হিসেবেই বিবেচিত হচ্ছে। যেকোনো মুহূর্তের উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ইরান মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।’
আকরামিনিয়া সতর্ক করে দিয়ে জানান, শত্রুরা যদি ইরানের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করার সামান্যতম চেষ্টা করে, তবে তারা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং বিধ্বংসী জবাবের মুখোমুখি হবে। তিনি চাঞ্চল্যকর তথ্য দিয়ে বলেন, ‘ইরান তার সম্ভাব্য লক্ষ্যবস্তুর (Targets) তালিকা নতুন করে হালনাগাদ করেছে। এবার যদি কোনো আগ্রাসন ঘটে, তবে শত্রুরা সম্পূর্ণ নতুন ধরনের আধুনিক মারণাস্ত্র এবং অচেনা সমরকৌশলের মুখে পড়বে।’
ইরানের সাধারণ জনগণকে আশ্বস্ত করে এই সামরিক কর্মকর্তা বলেন, দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সব সময় সর্বোচ্চ সতর্ক অবস্থায় বা ‘হাই অ্যালার্ট’-এ রয়েছে। জাতীয় নিরাপত্তার প্রশ্নে ইরান এক চুলও আপস করবে না।