লেবানন থেকে শান্তিরক্ষী প্রত্যাহার পুনর্বিবেচনার আহ্বান চীনের

লেবাননের দক্ষিণাঞ্চলে মোতায়েন করা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। মে মাসের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আবর্তনশীল সভাপতির দায়িত্ব গ্রহণ করেই চীন এই উদ্বেগ প্রকাশ করে।

শুক্রবার (১ মে) নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ফু কং এই মিশনটি বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে এ উদ্বেগ প্রকাশ করেন।

চীনের রাষ্ট্রদূত ফু কং বলেন, নিরাপত্তা পরিষদের উচিত গত বছরের আগস্টে নেওয়া 'ইউনিফিল' (UNIFIL) প্রত্যাহারের সিদ্ধান্তটি পুনরায় খতিয়ে দেখা। ১৯৭৮ সালে ইসরায়েলি আগ্রাসনের পর থেকে লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের এই শান্তিরক্ষী বাহিনী মোতায়েন রয়েছে। তবে গত বছর নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য দেশ সর্বসম্মতিক্রমে ২০২৬ সালের শেষ নাগাদ এই মিশনটি বন্ধ করার পক্ষে ভোট দিয়েছিল।

ফু কং বর্তমানে বিরাজমান পরিস্থিতির কথা উল্লেখ করে জানান, নিরাপত্তা পরিষদের অধিকাংশ সদস্যই মনে করছেন যে এখনই লেবানন থেকে শান্তিরক্ষী বাহিনী প্রত্যাহারের উপযুক্ত সময় নয়। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা এবং যুদ্ধের ঝুকি বিবেচনা করে তিনি বলেন, আমরা বিশ্বাস করি ইউনিফিল প্রত্যাহারের সিদ্ধান্তটি আমাদের পুনর্বিবেচনা করা উচিত।

চীন বর্তমানে জাতিসংঘের সচিবালয় থেকে একটি রিপোর্টের অপেক্ষায় রয়েছে যা আগামী জুন মাসে প্রকাশিত হওয়ার কথা। রাষ্ট্রদূত জানান, সেই রিপোর্টের ওপর ভিত্তি করেই বেইজিং তাদের চূড়ান্ত অবস্থান স্পষ্ট করবে। তবে আপাতত আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষায় শান্তিরক্ষীদের উপস্থিতিকেই জরুরি মনে করছে চীন। সূত্র: আলজাজিরা