ইরানের দায়ের বন্দরে অগুন, পুড়ছে একাধিক বাণিজ্যিক জাহাজ

দক্ষিণ ইরানের বুশেহর প্রদেশের গুরুত্বপূর্ণ দায়ের (Dayyer) বন্দরে একটি জেটিতে থাকা বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ মে) সকালে এই আগুনের সূত্রপাত হয় বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সি নিশ্চিত করেছে।

দায়ের বন্দর ফায়ার সার্ভিসের প্রধান মজিদ ওমরানি জানিয়েছেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। জেটিতে নোঙর করা কয়েকটি বাণিজ্যিক জাহাজে আগুন ছড়িয়ে পড়েছে, যা নিয়ন্ত্রণে দমকলকর্মীরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। কী কারণে এই আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

মজিদ ওমরানি জানিয়েছেন, অগ্নিনির্বাপণ কাজ পুরোপুরি শেষ হওয়ার পর তদন্ত সাপেক্ষে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানানো হবে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান চরম উত্তেজনার মধ্যেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। এর আগে আজ সকালেই ইরান অভিযোগ করেছিল যে, হরমুজ প্রণালিতে মার্কিন বাহিনীর হামলায় ৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। যদিও বন্দর কর্তৃপক্ষের দাবি, এই অগ্নিকাণ্ডটি একটি দুর্ঘটনা হতে পারে, তবে বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। সূত্র: আল-জাজিরা