ফরাসি শিপিং এবং লজিস্টিক জায়ান্ট 'সিএমএ সিজিএম' (CMA CGM) নিশ্চিত করেছে যে, মঙ্গলবার হরমুজ প্রণালি অতিক্রম করার সময় তাদের একটি জাহাজ হামলার শিকার হয়েছে। 'সান আন্তোনিও' (San Antonio) নামক ওই জাহাজটিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে।
সিএমএ সিজিএম জানিয়েছে, হামলার ফলে জাহাজের বেশ কয়েকজন ক্রু সদস্য আহত হয়েছেন এবং জাহাজটির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আহত ক্রু সদস্যদের দ্রুত উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। হামলার ধরন বা এর পেছনে কার হাত রয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালি এখন বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জলপথে পরিণত হয়েছে। বৈশ্বিক জ্বালানি ও পণ্য পরিবহনের অন্যতম প্রধান এই রুটে একের পর এক জাহাজে হামলার ঘটনা আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থাকে চরম সংকটে ফেলেছে। সিএমএ সিজিএম-এর মতো বড় প্রতিষ্ঠানের জাহাজে এই হামলা বিশ্ব বাণিজ্যের নিরাপত্তাহীনতাকে আরও স্পষ্ট করে তুলেছে। সূত্র: আলজাজিরা