হরমুজে দক্ষিণ কোরিয়ার জাহাজে বিস্ফোরণ, অভিযোগ অস্বীকার ইরানের

হরমুজ প্রণালিতে দক্ষিণ কোরিয়ার একটি বাণিজ্যিক জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিজেদের সম্পৃক্ততার অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছে ইরান। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অবস্থিত ইরানি দূতাবাস এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এই অবস্থান পরিষ্কার করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে কোরীয় জাহাজের কোনো প্রকার ক্ষতিসাধনের পেছনে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর হাত থাকার যেকোনো দাবি তেহরান দৃঢ়ভাবে প্রত্যাখ্যান এবং দ্ব্যর্থহীনভাবে অস্বীকার করছে। ইরান এই অভিযোগকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে।

এর আগে গত মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জাহাজটিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করে। দক্ষিণ কোরিয়ার পতাকাবাহী ওই কার্গো জাহাজটিকে বর্তমানে একটি নিরাপদ বন্দরে ফিরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। সিউল জানিয়েছে, জাহাজটি বন্দরে পৌঁছানোর পর বিশেষজ্ঞ দল সেটির ক্ষয়ক্ষতি পরীক্ষা করবে এবং তখনই বিস্ফোরণের প্রকৃত কারণ ও নেপথ্যের উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হবে।

পারস্য উপসাগরীয় অঞ্চলে যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে উত্তেজনাপূর্ণ আলোচনা চলছে, ঠিক সেই সময়ে এই বিস্ফোরণের ঘটনা মধ্যপ্রাচ্যের নৌ-নিরাপত্তাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। বর্তমানে হরমুজ প্রণালিতে ইরানি নৌবাহিনীর কঠোর নিয়ন্ত্রণ এবং নতুন ট্রানজিট প্রোটোকল চালুর প্রেক্ষাপটে এই ঘটনাকে অত্যন্ত স্পর্শকাতর হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: আলজাজিরা