দক্ষিণ লেবাননে থামছে না ইসরায়েলি হামলা

কাগজে-কলমে যুদ্ধবিরতির কথা থাকলেও দক্ষিণ লেবানন এখনো একটি ভয়াবহ যুদ্ধক্ষেত্রে পরিণত হয়ে আছে। সেখানে কোনো কার্যকর যুদ্ধবিরতি নেই। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান বাহিনী ৩০টিরও বেশি বিধ্বংসী হামলা চালিয়েছে, যার ফলে প্রতিনিয়ত বাড়ছে বেসামরিক মানুষের প্রাণহানি।

আলজাজিরার প্রতিনিধি জেইনা খোদর জানিয়েছেন, ইসরায়েলি সামরিক বাহিনী ক্রমাগত উচ্ছেদ আদেশ (Forced evacuation orders) জারি করে চলেছে। এর ফলে সীমান্তবর্তী এলাকা ছাড়িয়ে লেবাননের আরও গহিন অভ্যন্তরের গ্রামগুলোও জনশূন্য হয়ে পড়ছে। মানুষ ঘরবাড়ি ছেড়ে উত্তর দিকে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে, যার ফলে মানবিক সংকট এক ভয়াবহ রূপ নিয়েছে। জাতিসংঘও বেসামরিক নাগরিকদের ক্রমবর্ধমান মৃত্যু এবং অস্থিতিশীল মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এতো জোরালো হামলার পরও ইসরায়েল তার মূল লক্ষ্য অর্জনে ব্যর্থ হচ্ছে। ইসরায়েলের মূল উদ্দেশ্য ছিল হিজবুল্লাহর রকেট হামলা এবং ড্রোন আক্রমণ বন্ধ করা, কিন্তু বাস্তবে হিজবুল্লাহ এখনো দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে সফলভাবে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। গতকালও ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে যে, হিজবুল্লাহর হামলায় তাদের আরও এক সেনা গুরুতর আহত হয়েছেন।

বিশ্লেষকদের মতে, ইসরায়েলের এই অবিরাম বিমান হামলা মূলত বেসামরিক জনগণের ভোগান্তি এবং মানবিক বিপর্যয়ই বাড়াচ্ছে। অন্যদিকে, হিজবুল্লাহ তাদের সক্ষমতা বজায় রেখে ইসরায়েলি পদাতিক বাহিনীর বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছে। ফলে যুদ্ধবিরতির ঘোষণা থাকলেও দক্ষিণ লেবাননের পরিস্থিতি এখনো অনিশ্চিত এবং রক্তক্ষয়ী। সূত্র: আলজাজিরা