হরমুজে আটকা পড়া জাহাজগুলোকে সহায়তা দেবে ইরান

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে অবস্থানরত বাণিজ্যিক জাহাজগুলোর জন্য জ্বালানি, চিকিৎসা ও কারিগরি সহায়তাসহ সব ধরনের সামুদ্রিক সেবা প্রদানের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির বন্দর ও সামুদ্রিক সংস্থা (Ports and Maritime Organization) এক বার্তার মাধ্যমে এই প্রস্তুতির কথা নিশ্চিত করেছে।

ইরনা’র প্রতিবেদন অনুযায়ী, হরমুজ প্রণালি বা ইরানের জলসীমায় যেসব জাহাজ আটকা পড়েছে অথবা সমস্যার সম্মুখীন হচ্ছে, তারা এখন থেকে ইরানের বন্দরগুলো থেকে সরাসরি কারিগরি সহায়তা, প্রয়োজনীয় সরবরাহ (Supplies) এবং চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবে। জাহাজগুলোর ক্যাপ্টেনদের উদ্দেশে পাঠানো এই বার্তায় বলা হয়েছে, বিশেষ করে ইরানি জলসীমায় অবস্থানরত ভেসেলগুলো জ্বালানি সরবরাহ ও রক্ষণাবেক্ষণ সুবিধার আওতায় থাকবে।

ইরানি সামুদ্রিক সংস্থা জানিয়েছে, এই জরুরি বার্তাটি অঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক এবং ভেরি হাই ফ্রিকোয়েন্সি (VHF) সিস্টেমের মাধ্যমে আগামী তিন দিন প্রতিদিন তিনবার করে সম্প্রচার করা হবে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে নতুন ‘পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি’ গঠনের পর ইরানের এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একদিকে ইরান যেমন প্রণালির ওপর তাদের নিয়ন্ত্রণ জোরালো করছে, অন্যদিকে সহায়তার এই প্রস্তাবের মাধ্যমে তারা আন্তর্জাতিক নৌ-মহলে নিজেদের দায়িত্বশীল অবস্থানের জানান দিতে চাচ্ছে। বর্তমান উত্তজনাপূর্ণ পরিস্থিতিতে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা ও কারিগরি সহায়তার এই প্রতিশ্রুতি নৌ-বাণিজ্যে কিছুটা স্বস্তি দিতে পারে। সূত্র: আলজাজিরা