দক্ষিণ লেবাননের আরও ৯টি শহর ও গ্রামের বাসিন্দাদের ওপর জোরপূর্বক উচ্ছেদের নির্দেশ জারি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। খুব শীঘ্রই ওই এলাকাগুলোতে বড় ধরনের সামরিক হামলা চালানো হবে উল্লেখ করে বাসিন্দাদের জীবন বাঁচাতে অবিলম্বে এলাকা ছেড়ে যাওয়ার সতর্কতা দেওয়া হয়েছে।
শনিবার (৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী এই হুঁশিয়ারি দেয়। বিবৃতিতে জানানো হয়, নির্দিষ্ট এই এলাকাগুলোতে তারা শীঘ্রই ‘অত্যন্ত শক্তিশালী’ সামরিক অভিযান পরিচালনা করবে। সেখানে আরও বলা হয়, সতর্কতা জারির পরও যারা ওই এলাকাগুলোতে অবস্থান করবেন, তারা নিজেদের জীবনকে চরম বিপদের মুখে ঠেলে দেবেন।
ইসরায়েলের এই মরণফাঁদ ও উচ্ছেদ নির্দেশের আওতায় থাকা এলাকাগুলো হলো- তায়র দেববা, আল-আব্বাসিয়া, বুর্জ রাহহাল, মারুব, বারিশ, আরজুন, জান্নাতা (টায়ার), আজ-জারারিয়া এবং আইন বাল।
ইসরায়েলি বাহিনীর এই আকস্মিক নির্দেশের ফলে উল্লিখিত শহরগুলোতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জীবন বাঁচাতে কয়েক হাজার লেবানিজ পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরবাড়ি ছাড়তে শুরু করেছেন। আন্তর্জাতিক পর্যবেক্ষক মহল মনে করছে, এই নির্দেশের মাধ্যমে দক্ষিণ লেবাননের বিশাল একটি অংশকে জনশূন্য করে সেখানে সরাসরি স্থল অভিযান বা ব্যাপক বিমান হামলা চালানোর পরিকল্পনা করছে ইসরায়েল। সূত্র: আলজাজিরা