গাজায় চলমান ‘নামমাত্র’ যুদ্ধবিরতির মধ্যেই হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। রবিবার (১০ মে, ২০২৬) দক্ষিণ গাজার খান ইউনিসের আল-আমাল এলাকায় একটি বেসামরিক যানবাহনকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত দুইজন নিহত হয়েছেন, যারা গাজা পুলিশ বাহিনীর সদস্য ছিলেন বলে নিশ্চিত করা হয়েছে।
নিহতরা হলেন- লেফট্যানেন্ট কর্নেল উইসাম ফায়েজ আবদেল-হাদি (খান ইউনিস পুলিশ তদন্ত বিভাগের প্রধান) এবং সার্জেন্ট ফাদি আবদেল-মোয়াতি হেইকাল। গাজার পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম খান ইউনিসের আল-আমাল এলাকায় আকাশপথে এই হামলাটি চালানো হয়।
গাজার বিভিন্ন এলাকায় বর্তমানে ইসরায়েলি বাহিনীর কামানের গোলাবর্ষণ, ভারী গুলিবর্ষণ এবং ড্রোন নজরদারি অব্যাহত রয়েছে। যদিও ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার অংশ হিসেবে গত ১০ অক্টোবর ২০২৫ থেকে একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে সামরিক উত্তেজনা ও হামলা থামেনি।
বিশ্লেষকদের মতে, বর্তমানে বিশ্ব সম্প্রদায়ের মনোযোগ ইরান ও লেবানন যুদ্ধের দিকে থাকায় গাজা পরিস্থিতি অনেকটা অবহেলিত হয়ে পড়েছে। এই সুযোগে গাজার ভেতরে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণ এবং সামরিক অভিযান আরও জোরালো হচ্ছে, যা মানবিক সংকটকে চরম পর্যায়ে নিয়ে গেছে। সূত্র: আলজাজিরা