পরমাণু সংস্থার কাজ রাজনীতি করা নয়, ইসমাইল বাঘাইয়ের হুঁশিয়ারি

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)-এর ভূমিকা নিয়ে কড়া সমালোচনা ও অসন্তোষ প্রকাশ করেছে ইরান। তেহরানের দাবি, সংস্থাটি তাদের মূল দায়িত্ব বাদ দিয়ে রাজনৈতিক তল্পিবাহক হিসেবে কাজ করছে, যা তাদের পেশাদারিত্ব ও গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে।

রোববার (১০ মে) এক প্রতিবেদনে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই হামানেহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, ‘আইএইএ-এর মূল ম্যান্ডেট বা আইনি দায়িত্ব হলো সংশ্লিষ্ট দেশগুলোর পরমাণু কার্যক্রম যাচাই ও নজরদারি করা। কোনো রাজনৈতিক বার্তা দেওয়া তাদের কাজ নয়।’

বাঘাই স্পষ্ট করে বলেন, কৌশলগত হরমুজ প্রণালি, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কিংবা তেহরানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নীতি নিয়ে মন্তব্য করা আইএইএ-এর এখতিয়ারভুক্ত নয়। তিনি অভিযোগ করেন, সংস্থাটি ইদানীং কারিগরি বিষয়ের চেয়ে রাজনৈতিক ইস্যুতে বেশি মন্তব্য করছে।

মুখপাত্র সতর্ক করে বলেন, ‘যখন কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান তার পেশাদার নিরপেক্ষতা হারিয়ে নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা বা ব্যক্তিগত উদ্দেশ্যে কাজ শুরু করে, তখন তার বৈশ্বিক বিশ্বাসযোগ্যতা ক্ষয় হতে থাকে। এর ফলে একসময় ওই প্রতিষ্ঠানের কার্যকারিতা পুরোপুরি নষ্ট হয়ে যায়।’

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও উত্তেজনার মাঝে আন্তর্জাতিক সংস্থার বিরুদ্ধে ইরানের এই কঠোর অবস্থান ভবিষ্যতে তেহরান ও আইএইএ-এর মধ্যকার সহযোগিতা আরও কমিয়ে দিতে পারে।