খারগ দ্বীপের কাছে তেল লিকের খবর ‘ভিত্তিহীন’: ইরান

পারস্য উপসাগরে ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র ‘খারগ দ্বীপ’ (Kharg Island) এলাকায় কোনো তেল লিক বা ফাঁসের ঘটনা ঘটেনি বলে দাবি করেছে তেহরান। এ সংক্রান্ত ছড়িয়ে পড়া সংবাদকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে দেশটি। 

রোববার (১০ মে) রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

রোববার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ‘ইরান অয়েল টার্মিনাল কোম্পানি’ জানায়, খারগ দ্বীপের আশপাশে তেল লিকের যে খবর রটেছে তার কোনো সত্যতা নেই। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বলেন, ‘আমরা স্থল ও সমুদ্র উভয় পর্যায়ে নিবিড় পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছি। আমাদের কোনো স্টোরেজ ট্যাংক, পাইপলাইন, লোডিং সুবিধা কিংবা নিকটবর্তী কোনো ট্যাংকারে লিক হওয়ার মতো কোনো প্রমাণ পাওয়া যায়নি।’

এর আগে কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল যে, স্যাটেলাইট চিত্রে খারগ দ্বীপের পশ্চিম দিকে সমুদ্রে বড় ধরণের তেলের দাগ (Oil Slick) দেখা গেছে। এতে ওই অঞ্চলে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়। তবে ইরানি কর্তৃপক্ষ বলছে, তারা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করেছে। আঞ্চলিক সামুদ্রিক দূষণ পর্যবেক্ষণ সংস্থা এবং স্থানীয় ল্যাব টেস্টেও ওই এলাকায় কোনো তেল নির্গমন বা দূষণের চিহ্ন পাওয়া যায়নি।

ইরান জোর দিয়ে বলেছে যে, তাদের তেল রপ্তানি কার্যক্রম সম্পূর্ণ নিরাপদ ও সুশৃঙ্খলভাবে চলছে। সামান্যতম তেল ফাঁসের ঘটনাও ঘটেনি বলে তারা বিশ্ব সম্প্রদায়কে আশ্বস্ত করেছে। 

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খারগ দ্বীপ দিয়েই ইরানের মোট অপরিশোধিত তেলের বড় একটি অংশ বিদেশে রপ্তানি করা হয়।