কৌশল পরিবর্তনের ইঙ্গিত খামেনির, সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশটির নবনিযুক্ত সামরিক প্রধান আলি আব্দুল্লাহির সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। বৈঠকে তিনি সশস্ত্র বাহিনীকে শত্রুপক্ষের বিরুদ্ধে আরও কঠোর ও শক্তিশালী অবস্থান নেওয়ার জন্য নতুন বিশেষ নির্দেশনা ও রণকৌশল ঘোষণা করেছেন।

রোববার (১০ মে) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি (IRIB)-এর বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে মোজতবা খামেনি ইরানের সশস্ত্র বাহিনীর বীরত্ব ও ত্যাগের প্রশংসা করেন। তিনি বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে সামরিক বাহিনীকে নতুন ‘পথনির্দেশনা’ প্রদান করেন। এই নতুন কৌশল শত্রুদের যেকোনো আগ্রাসন মোকাবিলায় ইরানকে আরও সুবিধাজনক অবস্থানে রাখবে বলে ধারণা করা হচ্ছে। তবে নিরাপত্তার স্বার্থে এই নতুন নির্দেশনার বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি তেহরান।

সবচেয়ে রহস্যজনক বিষয় হলো, গত মার্চ মাসে দায়িত্ব গ্রহণের পর থেকে মোজতবা খামেনিকে এখন পর্যন্ত একবারের জন্যও প্রকাশ্যে দেখা যায়নি। তাঁর প্রতিটি বক্তব্য বা ঘোষণা রাষ্ট্রীয় টেলিভিশনে অন্যের মাধ্যমে পাঠ করা হচ্ছে। রবিবারের এই বৈঠকটিও পর্দার আড়ালে বা গোপন কোনো স্থানে অনুষ্ঠিত হয়েছে বলে মনে করা হচ্ছে।

সামরিক প্রধানের সাথে এই উচ্চপর্যায়ের বৈঠক প্রমাণ করে যে ইরান তাদের প্রতিরক্ষা ও আক্রমণাত্মক কৌশলে বড় ধরণের কোনো পরিবর্তন আনছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি উত্তেজনার মাঝে খামেনির এই ‘নতুন গাইডলাইন’ যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। সূত্র: আল জাজিরা ও আইআরআইবি।