যুক্তরাষ্ট্রের প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান

ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার বিধ্বংসী যুদ্ধ অবসানে বড় ধরনের অগ্রগতির আভাস পাওয়া যাচ্ছে। ওয়াশিংটনের দেওয়া সর্বশেষ শান্তি প্রস্তাবের আনুষ্ঠানিক ও লিখিত জবাব দিয়েছে তেহরান। 

রোববার (১০ মে) এই লিখিত জবাবটি পাকিস্তানের মধ্যস্থতাকারীদের হাতে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে ইরানি ও পাকিস্তানি কর্তৃপক্ষ।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ (IRNA) জানিয়েছে, যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের বিপরীতে তেহরান তাদের অবস্থান পরিষ্কার করে এই জবাব পাঠিয়েছে। তবে ইরানের পাঠানো এই জবাবে ঠিক কী কী শর্ত বা বার্তা রয়েছে, তা এখনো জনসমক্ষে প্রকাশ করা হয়নি।

ইসলামাবাদ থেকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিনিধি কামাল হায়দার জানিয়েছেন, পাকিস্তানি কর্তৃপক্ষ ইরানের পক্ষ থেকে লিখিত বার্তাটি হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তিনি বলেন, ‘পাকিস্তান যেহেতু জবাবটি গ্রহণ করেছে, এখন দেখার বিষয় হলো কত দ্রুত তারা এই বার্তাটি হোয়াইট হাউসের কাছে পৌঁছায় এবং ওয়াশিংটন এর ওপর কী প্রতিক্রিয়া দেখায়।’

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে ভয়াবহ বিমান হামলা শুরু করার পর থেকেই মধ্যপ্রাচ্য রণক্ষেত্রে পরিণত হয়। পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানও ইসরায়েল ও বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

সংঘাতের ৪০ দিনের মাথায় গত ৮ এপ্রিল পাকিস্তানের ঐকান্তিক প্রচেষ্টায় দুই পক্ষ একটি ‘অস্থায়ী যুদ্ধবিরতিতে’ সম্মত হয়। এরপর ১১ ও ১২ এপ্রিল ইসলামাবাদে দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে টানা ২১ ঘণ্টার ম্যারাথন বৈঠক হলেও কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। মূলত এরপর থেকেই একটি স্থায়ী শান্তিচুক্তির জন্য দ্বিতীয় দফার আলোচনার প্রস্তুতি চলছিল।

ইরানের এই আনুষ্ঠানিক জবাবটি যদি ইতিবাচক হয়, তবে কয়েক মাস ধরে চলা এই ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধের সমাপ্তি ঘটার পথ প্রশস্ত হতে পারে। বিশ্ববাসী এখন তাকিয়ে আছে ওয়াশিংটনের প্রতিক্রিয়ার দিকে।