মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ (CIA) এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের (Mossad) কাছে দেশের অত্যন্ত স্পর্শকাতর তথ্য পাচারের দায়ে অভিযুক্ত ইরফান শাকুরজাদেহ নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।
সোমবার (১১ মে) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
মামলার নথিপত্র অনুযায়ী, পেশাগত দক্ষতায় পারদর্শী শাকুরজাদেহ ইরানের স্যাটেলাইট সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞানভিত্তিক সংস্থায় উচ্চপদে কর্মরত ছিলেন। সেই সুবাদে তিনি রাষ্ট্রের অনেক গোপন নথিতে প্রবেশাধিকার পেতেন।
তদন্তে দেখা গেছে, তিনি মূলত তিন স্তরের একটি নেটওয়ার্কের মাধ্যমে বিদেশি গোয়েন্দাদের সাথে তথ্য আদান-প্রদান করতেন। যার প্রথম ও শেষ পর্যায়ে ছিল মোসাদ এবং মাঝখানের পর্যায়ে ছিল সিআইএ।
ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, শাকুরজাদেহ নিজেই প্রথমে অনলাইনে একটি ‘সহযোগিতা ফরম’ পূরণ করে মোসাদের সাথে যোগাযোগ করেন। পরবর্তীতে লিঙ্কডইনের মাধ্যমে নিজেকে ‘কানাডাপ্রবাসী ইরানি’ পরিচয় দিয়ে এক মোসাদ কর্মকর্তা তার সাথে সুসম্পর্ক গড়ে তোলেন এবং ডলারের প্রলোভন দেখিয়ে তাঁকে বিদেশি প্রকল্পে যুক্ত হওয়ার প্রস্তাব দেন। এই যোগাযোগ পরবর্তীতে হোয়াটসঅ্যাপ ও গুগল-ভিত্তিক বিভিন্ন প্ল্যাটফর্মেও চলতে থাকে। শাকুরজাদেহ তার সংস্থায় কর্মরত কর্মীদের পরিচয়, প্রকল্পের বিবরণ এবং অভ্যন্তরীণ নথিপত্র ক্রিপ্টোকারেন্সির বিনিময়ে পাচার করতেন।
আদালতের নথি থেকে আরও জানা যায়, শাকুরজাদেহ একপর্যায়ে সরাসরি সিআইএর ওয়েবসাইটে তাঁর ব্যক্তিগত ও পেশাগত তথ্য জমা দিয়ে সংস্থাটির সাথে যোগাযোগের চেষ্টা করেন। বিনিময়ে তিনি মার্কিন ভিসা, যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ, বিপুল অর্থ এবং একটি আমেরিকান পাসপোর্টের দাবি জানিয়েছিলেন। সিআইএর সাথে যোগাযোগ থাকা অবস্থাতেই তিনি ‘রন’ ও ‘অ্যালেক্স’ নামের দুই পরিচালকের অধীনে মোসাদের হয়েও কাজ চালিয়ে যাচ্ছিলেন।
ইরানি কর্মকর্তাদের দাবি, পাচারকৃত তথ্যের মধ্যে সংস্থার কর্মীদের ব্যক্তিগত ঠিকানা, স্যাটেলাইট প্রকল্পের কারিগরি দিক এবং তথ্য সংগ্রহের পদ্ধতি অন্তর্ভুক্ত ছিল, যা ইরানের জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরণের ঝুঁকি তৈরি করেছিল। নিজের পরিচয় গোপন রাখতে শাকুরজাদেহ বিদেশি ফোন নম্বর এবং নতুন ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহার করে গোপন চ্যানেল তৈরির চেষ্টাও করেছিলেন। দীর্ঘ তদন্ত ও বিচার প্রক্রিয়ার পর দোষী সাব্যস্ত হওয়ায় আজ সকালে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। সূত্র: ফারস নিউজ ও ওয়েস্ট এশিয়া নিউজ এজেন্সি।