হরমুজ প্রণালিতে নতুন নিয়ন্ত্রক সংস্থা গঠন ইরানের

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালির ওপর স্থায়ী নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা জোরদার করতে ‘পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি’ (পিজিএসএ) নামে একটি নতুন সংস্থা গঠন করেছে ইরান। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল (সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ) সোমবার (১৮ মে) এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ জানিয়েছে, নবগঠিত এই সংস্থাটি হরমুজ প্রণালির সার্বিক কার্যক্রম এবং পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি চালাবে। এছাড়া সমুদ্রপথে জাহাজ চলাচলের সর্বশেষ খবরাখবর তাৎক্ষণিকভাবে (রিয়েল-টাইম আপডেট) প্রদানের জন্য ‘পিজিএসএ’ নামে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি বিশেষ অ্যাকাউন্টও চালু করা হয়েছে।

একই দিনে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের জন্য একটি স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে প্রতিবেশী দেশ ওমানের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে তেহরান।

বাঘাই বলেন, ‘হরমুজ প্রণালি একটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। এর নিরাপত্তা নিশ্চিত করা কেবল ইরান ও ওমানের জন্যই নয়, বরং পুরো অঞ্চলের দেশগুলোর জন্য জরুরি। এই জলপথটি ইরান ও ওমানের আঞ্চলিক জলসীমার মধ্যে অবস্থিত হওয়ায় এর নিরাপদ চলাচল নিশ্চিত করাকে আমরা নিজেদের দায়িত্ব বলে মনে করি।’

তিনি আরও যোগ করেন, ইরান সবসময়ই এই গুরুত্বপূর্ণ পথ দিয়ে নিরাপদ ও সুরক্ষিত নৌ-চলাচল নিশ্চিত করতে প্রচেষ্টা চালিয়ে এসেছে। নতুন এই সংস্থার মাধ্যমে সেই নিরাপত্তা ব্যবস্থা আরও আধুনিক ও নিশ্ছিদ্র হবে বলে আশা করা হচ্ছে।সূত্র: আল জাজিরা