হরমুজ প্রণালি হলো একটি আন্তর্জাতিক নৌপথ। বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল নৌপথ দিয়ে জাহাজ চলাচলে বাধা দেওয়ার অধিকার কোনো দেশেরই নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে কাতার।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক বিবৃতিতে বলেছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো দেশই কোনো পরিস্থিতিতেই এই কৌশলগত জলপথে অন্যান্য দেশের প্রবেশাধিকার বা নৌচলাচলকে ‘অবরুদ্ধ’ করতে পারে না।
মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনার মধ্যে এই অঞ্চলে জ্বালানি সরবরাহ এবং বাণিজ্যিক নিরাপত্তার বিষয়টি সামনে রেখে কাতারের পক্ষ থেকে এই হুঁশিয়ারি দেওয়া হলো। সম্প্রতি কাতার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দুটি ট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রম করেছে বলে জানা গেছে। তবে এই দুটি ট্যাংকার পার হওয়ার অর্থ এই নয় যে ওই রুটে জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়ে গেছে। কাতার স্পষ্ট করেছে যে সামগ্রিক বাণিজ্যিক পরিস্থিতি স্বাভাবিক হতে এখনও সময় লাগবে।
বিশ্বের মোট খনিজ তেলের সিংহভাগ এবং কাতারের মতো বৃহৎ জ্বালানি রপ্তানিকারক দেশগুলোর এলএনজি সরবরাহের প্রধান পথ হলো এই হরমুজ প্রণালি। সাম্প্রতিক সময়ে আঞ্চলিক সংঘাত ও সামরিক উত্তেজনার কারণে এই নৌপথে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার যে আশঙ্কা তৈরি হয়েছিল, কাতারের এই বিবৃতি তাকে কেন্দ্র করেই বৈশ্বিক সম্প্রদায়ের উদ্বেগ আরও বাড়িয়ে দিল।
সূত্র: আল-জাজিরা।