হামলা করলে আরও ‘বড় সারপ্রাইজ’ অপেক্ষা করছে: আরাঘচি

নতুন করে কোনো হামলা চালানো হলে যুক্তরাষ্ট্রের জন্য আরও বড় ‘সারপ্রাইজ’ (বিস্ময়) অপেক্ষা করছে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। একই সঙ্গে দুই দেশের মধ্যে পুনরায় সংঘাত শুরু হলে আরও বেশি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করতে তেহরান পুরোপুরি প্রস্তুত বলেও ঘোষণা দিয়েছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আরাঘচি মার্কিন অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করার প্রসঙ্গ টেনে বলেন, আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী যে যুক্তরাষ্ট্রের বহুল প্রশংসিত এফ-৩৫ যুদ্ধবিমান প্রথম ভূপাতিত করার গৌরব অর্জন করেছে, তা এখন প্রমাণিত। নিজের এই দাবির সপক্ষে মার্কিন কংগ্রেসের অদলীয় গবেষণা সংস্থা কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের সাম্প্রতিক একটি প্রতিবেদনের তথ্যও উল্লেখ করেন তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, খোদ মার্কিন কংগ্রেসই স্বীকার করেছে যে চলমান যুদ্ধে তাদের শত কোটি ডলার মূল্যের ডজন ডজন যুদ্ধবিমান খোয়া গেছে।

আরাঘচি আরও বলেন, বিগত দিনের যুদ্ধ থেকে আমরা যে শিক্ষা ও অভিজ্ঞতা অর্জন করেছি, তাতে আবারও যুদ্ধ শুরু হলে এবার মার্কিনদের জন্য আরও অনেক বড় সারপ্রাইজ অপেক্ষা করছে।

উল্লেখ্য, গত সপ্তাহে প্রকাশিত মার্কিন গবেষণা সংস্থার ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারি মাসের শেষভাগে ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে সঙ্গে নিয়ে মার্কিন যৌথ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দুই পক্ষের মধ্যে ব্যাপক সামরিক ক্ষয়ক্ষতি হয়েছে। চলমান যুদ্ধবিরতির মধ্যেই ইরানের পক্ষ থেকে এই নতুন হুঁশিয়ারি দুই দেশের মধ্যকার উত্তেজনাকে আবারও উস্কে দিল। সূত্র: মেহের নিউজ এজেন্সি