সমঝোতা হলেও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান

যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য প্রাথমিক সমঝোতা চূড়ান্ত হলেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির সার্বভৌম নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান। রোববার (২৪ মে) ইরানের রাষ্ট্রীয় ঘনিষ্ঠ সূত্রগুলোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ‘তাসনিম নিউজ’।

প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনের সাথে কোনো সমঝোতা হলেও হরমুজ প্রণালি আগের যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে যাবে না। প্রণালির আইনি বা প্রশাসনিক কর্তৃত্ব সম্পূর্ণভাবে ইরানের হাতেই থাকবে। সমঝোতার ফলে কেবল নৌযান চলাচলের পরিমাণ বা ‘ট্রানজিট ভলিউমে’ পরিবর্তন আসতে পারে, কিন্তু প্রণালির সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস করা হবে না।

সম্ভাব্য সমঝোতার শর্ত অনুযায়ী, চুক্তি চূড়ান্ত হওয়ার পর প্রায় ৩০ দিনের মধ্যে এই প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল ধীরে ধীরে স্বাভাবিক বা যুদ্ধপূর্ব স্তরে ফিরিয়ে আনার সুযোগ থাকবে। তবে এর বিনিময়ে ইরান একটি কঠোর শর্ত জুড়ে দিয়েছে।

তথ্য অনুযায়ী, এই চুক্তিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহারের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, সমঝোতা কার্যকর হওয়ার ৩০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রকে তাদের নৌ অবরোধ সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে। যদি ওয়াশিংটন এই অবরোধ প্রত্যাহার না করে, তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরান কোনো পরিবর্তন আনবে না এবং আগের কঠোর অবস্থানই বজায় রাখবে।

সামরিক বিশ্লেষকরা মনে করছেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিজের হাতে রেখে ইরান আন্তর্জাতিক জ্বালানি বাজারে নিজের প্রভাব ধরে রাখতে চায়। এই জলপথটি দিয়ে বিশ্বের মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়, যা ইরানের জন্য একটি বড় রাজনৈতিক হাতিয়ার।