ইরানের ‘অতিরঞ্জিত আঞ্চলিক উচ্চাভিলাষ’ মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ। তার দাবি, ইরানের আঞ্চলিক নীতির কারণে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে এর মূল্য দিতে হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় গারগাশ বলেন, উপসাগরীয় অঞ্চলের দেশগুলো আজ এমন এক বাস্তবতার মুখোমুখি, যেখানে ইরানের আঞ্চলিক উচ্চাভিলাষের খেসারত সবাইকে বহন করতে হচ্ছে। তার মতে, কোনো রাষ্ট্রই যৌথ নিরাপত্তা, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ক্ষতি করে নিজের জন্য বিশেষ ভূমিকা বা প্রভাব প্রতিষ্ঠা করতে পারে না।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি নতুন করে মূল্যায়নের দাবি রাখে এবং সেই পুনর্মূল্যায়ন এখন অনিবার্য হয়ে উঠেছে। তবে এই প্রক্রিয়া অবশ্যই কিছু স্পষ্ট ও মৌলিক নীতির ভিত্তিতে পরিচালিত হতে হবে।
গারগাশের ভাষায়, রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক বজায় রাখা এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করাই আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করার প্রধান ভিত্তি হওয়া উচিত।
আমিরাতের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যজুড়ে নিরাপত্তা পরিস্থিতি, সামরিক উত্তেজনা এবং কূটনৈতিক টানাপোড়েন নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। গারগাশের বক্তব্যে আঞ্চলিক রাজনীতিতে ইরানের ভূমিকা নিয়ে আমিরাতের দীর্ঘদিনের সমালোচনামূলক অবস্থানেরই প্রতিফলন দেখা গেছে। সূত্র: আলজাজিরা