কুয়েত ও বাহরাইনে ইরানি হামলায় জিসিসির কঠোর নিন্দা

গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসি ইরানের বিরুদ্ধে কুয়েত ও বাহরাইনে চলমান হামলা ও আগ্রাসনের অভিযোগ তুলে তীব্র নিন্দা জানিয়েছে এবং এটিকে সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা, স্থিতিশীলতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে একটি বিপজ্জনক ও নজিরবিহীন উত্তেজনা হিসেবে অভিহিত করেছে।

জিসিসির মহাসচিব জাসেম মোহাম্মদ আলবুদাইবি এক বিবৃতিতে বলেন, ইরানের এই ধরনের পদক্ষেপ স্পষ্টভাবে প্রমাণ করে যে তারা সদস্য দেশগুলোর নিরাপত্তা ও স্থিতিশীলতাকে লক্ষ্য করে প্রত্যাখ্যাত ও শত্রুতাপূর্ণ নীতির পথেই এগিয়ে যাচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইরানের এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক মানদণ্ডের সুস্পষ্ট লঙ্ঘন, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে কঠোর ও দৃঢ় অবস্থান গ্রহণের প্রয়োজনীয়তা তৈরি করে।

আলবুদাইবি আরও বলেন, বাহরাইন ও কুয়েতের নিরাপত্তা পুরো জিসিসি অঞ্চলের নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ এবং এই দুই দেশের সার্বভৌমত্ব রক্ষায় জিসিসি সদস্য রাষ্ট্রগুলো একসঙ্গে রয়েছে।

তিনি জানান, উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য দেশগুলো এসব হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে এবং কুয়েত ও বাহরাইনের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষায় গৃহীত সব পদক্ষেপকে পূর্ণ সমর্থন দিচ্ছে। সূত্র: আলজাজিরা