আল-আকসায় সেটেলারদের অনুপ্রবেশের নিন্দা জানালো আমিরাত

অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি সম্প্রসারণ, ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ এবং আল-আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর সুরক্ষায় বসতি স্থাপনকারীদের বারবার অনুপ্রবেশের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আরব গ্রুপ ও ইসলামি সহযোগিতা সংস্থার পক্ষে দেওয়া বক্তব্যে জাতিসংঘে আমিরাতের মিশন এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘কঠোর নিন্দা’ জানায়।

আমিরাতের মিশন বলেছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড, বিশেষ করে পূর্ব জেরুজালেমের ঐতিহাসিক, আইনি ও জনমিতিক চরিত্র পরিবর্তনের উদ্দেশ্যে পরিচালিত এসব পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

তাদের মতে, এ ধরনের কর্মকাণ্ড কেবল উত্তেজনা ও অস্থিতিশীলতা বাড়ায় না, বরং ন্যায়সঙ্গত ও টেকসই শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকেও ক্ষতিগ্রস্ত করে।

বিবৃতিতে আরও বলা হয়, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের ভিত্তিতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার যে আন্তর্জাতিক প্রচেষ্টা চলছে, এসব পদক্ষেপ তা দুর্বল করে দিচ্ছে এবং সংকট সমাধানের পথকে আরও জটিল করে তুলছে। সূত্র: আলজাজিরা