‘এটি আপনাদের দেশ নয়', ইরানকে আউনের কড়া বার্তা

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ইরানের বিরুদ্ধে বিরল ও কঠোর ভাষায় অবস্থান নিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, তেহরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে নিজেদের বিরোধে লেবাননকে একটি দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এবং দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে।

বৈরুতের প্রেসিডেন্ট প্রাসাদে দেওয়া এক সাক্ষাৎকারে আউন বলেন, লেবাননের জনগণ ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার দীর্ঘস্থায়ী সংঘাতে ক্লান্ত ও বিরক্ত। তার ভাষায়, যুদ্ধের মূল্য পরিশোধ করতে হচ্ছে লেবাননের সাধারণ মানুষকে, অথচ এই সংঘাত অনেক ক্ষেত্রে অন্যদের স্বার্থের সঙ্গে জড়িত।

ইরানকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা আমাদের সাহায্য করছেন না। লেবাননের জনগণ আপনাদের স্বার্থের জন্য মূল্য দিচ্ছে। আমাদের স্বার্থ আর আপনাদের স্বার্থ এক নয়।’

একই সঙ্গে তিনি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীকেও তীব্র সমালোচনা করেন। আউন বলেন, ‘এটি আপনাদের দেশ নয়, এটি আমাদের দেশ।’

সম্প্রতি ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারকে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি প্রক্রিয়ার অংশ হিসেবে উল্লেখ করেছিল। সেই অবস্থানেরও বিরোধিতা করেন আউন।

তার দাবি, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় সুবিধা আদায়ের জন্য লেবাননকে ব্যবহার করছে। তিনি বলেন, ‘লেবাননকে আলোচনার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা মোটেও গ্রহণযোগ্য নয়।’

প্রেসিডেন্ট আউন জানান, ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি বাস্তবায়নের সাম্প্রতিক আলোচনা ছিল অত্যন্ত কঠিন। তবে শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে।

তার মতে, এই সমঝোতা একটি ন্যায়সঙ্গত ও দীর্ঘস্থায়ী শান্তির পথ খুলে দিতে পারে। তবে তিনি স্বীকার করেন, যুদ্ধবিরতি কার্যকর রাখা এখনো বড় চ্যালেঞ্জ।

অন্যদিকে, হিজবুল্লাহ ইতোমধ্যে এই চুক্তির বিরোধিতা করেছে। সংগঠনটির দাবি, প্রস্তাবিত সমঝোতায় দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহারের নিশ্চয়তা নেই। ফলে যুদ্ধবিরতির ভবিষ্যৎ এখনো অনিশ্চয়তার মধ্যেই রয়ে গেছে। সূত্র: সিএনএন