হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধের হুঁশিয়ারি ইরানের

ইরান কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। একইসঙ্গে ভবিষ্যতে যেকোনো ধরনের আগ্রাসনের জবাবে হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার কঠোর হুঁশিয়ারিও দিয়েছে তেহরান।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালি এলাকায় অননুমোদিত ট্যাংকার চলাচলকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। তাদের দাবি অনুযায়ী, কেশম ও সিরি দ্বীপে অবস্থিত যোগাযোগ স্থাপনায় মার্কিন ড্রোন হামলার পরই পাল্টা জবাব হিসেবে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় রাতের দিকে চারটি ট্যাংকার হরমুজ প্রণালি দিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করে। সতর্কবার্তা উপেক্ষা করে এগিয়ে গেলে একটি ট্যাংকারকে লক্ষ্য করে আঘাত করা হয় এবং বাকি তিনটি জাহাজ ফিরে যেতে বাধ্য হয়।

এর কিছু সময় পরই কেশম ও সিরি দ্বীপে আইআরজিসির টেলিযোগাযোগ টাওয়ারে ড্রোন হামলা হয় বলে দাবি করা হয়েছে। এর প্রতিক্রিয়ায় ইরানি বাহিনী কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটি এবং বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তরের গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের আগ্রাসন অব্যাহত থাকলে ইরানের প্রতিক্রিয়া আরও কঠোর হবে। প্রয়োজনে হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হতে পারে, যার দায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জোটকে নিতে হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। সূত্র: আলজাজিরা