ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, ইসরায়েলের হাইফা শহরের একটি রাসায়নিক ও শিল্প স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
সংগঠনটির দাবি, ইরানের একটি পেট্রোকেমিক্যাল স্থাপনায় কথিত ‘মার্কিন-ইসরায়েলি’ হামলার জবাব হিসেবেই এই আঘাত হানা হয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী, প্রতিশোধমূলক এই হামলায় হাইফার একটি রকই ধরণের শিল্প স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়।
এক বিবৃতিতে আইআরজিসি সতর্ক করে বলেছে, বেসামরিক ও জ্বালানি অবকাঠামোতে হামলা অব্যাহত থাকলে এর প্রভাব পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে এবং বৈশ্বিক অর্থনীতিতেও এর গুরুতর প্রতিক্রিয়া দেখা দিতে পারে।
বিবৃতিতে আরও বলা হয়, তেল ও জ্বালানি খাতকে লক্ষ্যবস্তু করে ইসরায়েল একটি ‘বিপজ্জনক খেলা’ শুরু করেছে। এর ফলে মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনাগুলো আরও বড় ঝুঁকির মুখে পড়তে পারে বলে দাবি করা হয়।
যদিও হামলার ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে স্বাধীন কোনো সূত্র থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে ইসরায়েল কর্তৃপক্ষও এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। সূত্র: আলজাজিরা