১৮ মার্কিন সামরিক স্থাপনায় ইরানের সমন্বিত হামলা

মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোর ওপর বড় ধরনের সমন্বিত পালটা হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ও দেশটির সেনাবাহিনী। বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদরদপ্তরসহ কুয়েত ও বাহরাইনের অন্তত ১৮টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়েছে বলে তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে। 

বৃহস্পতিবার (১১ জুন) ভোরে প্রকাশিত পৃথক বিবৃতিতে এই অভিযানের কথা নিশ্চিত করে ইরানের সামরিক বাহিনী। একই সাথে উদ্ভূত পরিস্থিতিতে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ 'হরমুজ প্রণালি' সব ধরনের জাহাজ চলাচলের জন্য বন্ধ ঘোষণা করেছে ইরান।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) দাবি, দক্ষিণ ইরানে সাম্প্রতিক মার্কিন হামলার জবাবে তাদের মহাকাশ ও নৌবাহিনী যৌথভাবে দুই দফায় এই পালটা অভিযান পরিচালনা করে। হামলায় কুয়েতের আলী আল-সালেম ও আহমাদ আল-জাবের বিমানঘাঁটি এবং বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিসহ যুক্তরাষ্ট্রের ১৮টি স্পর্শকাতর সামরিক পয়েন্টকে নিশানা করা হয়।

অন্যদিকে, ইরানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ জানিয়েছে, তারা বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহার করে বাহরাইনের মার্কিন পঞ্চম নৌবহরের সদরদপ্তরে আঘাত হেনেছে। এই অভিযানে মার্কিন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডার ও যোগাযোগ অ্যান্টেনা ধ্বংস করারও দাবি করেছে তারা। ইরানের সর্বোচ্চ সামরিক অপারেশনাল কমান্ড ইউনিট ‘খাতাম আল-আম্বিয়া’ জানিয়েছে, তাদের এই শক্তিশালী জবাবের কারণেই যুক্তরাষ্ট্রের সর্বশেষ আগ্রাসন থামতে বাধ্য হয়েছে।

এদিকে এই হামলার দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানে মার্কিন বোমাবর্ষণ শিগগিরই বন্ধ হবে। তার দাবি, ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তারা হামলা বন্ধের অনুরোধ জানিয়ে তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। তবে আইআরজিসি ট্রাম্পের এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করে একে ‘যুদ্ধ থেকে পালানোর অজুহাত’ হিসেবে অভিহিত করেছে। খাতাম আল-আম্বিয়া সদরদপ্তরও স্পষ্ট করেছে যে, মার্কিন হামলার বিরুদ্ধে ইরানের সামরিক প্রতিক্রিয়া অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর অনুযায়ী, দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশসহ বিভিন্ন এলাকায় নতুন করে বিস্ফোরণের খবর পাওয়া গেছে এবং মার্কিন সামরিক বাহিনীও ইরানের বিরুদ্ধে নতুন দফায় হামলা চালানোর কথা নিশ্চিত করেছে। এমন চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদরদপ্তর হরমুজ প্রণালি বন্ধের চূড়ান্ত নির্দেশ জারি করেছে। বিবৃতিতে বলা হয়েছে, অঞ্চলের নিরাপত্তাহীনতার কারণে এখন থেকে তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজসহ যেকোনো ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে এবং এই নিয়ম অমান্য করলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে।