ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি, লেবাননের চলমান যুদ্ধ এবং ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাত দিয়ে জানানো হয়েছে, টেলিফোনে হওয়া এ আলোচনায় গালিবাফ বলেন, লেবাননে ইসরায়েলের যুদ্ধ বন্ধে তেহরান প্রতিশ্রুতিবদ্ধ এবং এ লক্ষ্য বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা স্মারকের প্রথম ধারাতেই লেবাননে যুদ্ধ বন্ধ এবং দেশটির ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টিও ইরান অত্যন্ত গুরুত্বের সঙ্গে অনুসরণ করছে।
অন্যদিকে নাবিহ বেরি বলেন, সুইজারল্যান্ডে ইরানের কূটনৈতিক প্রচেষ্টা লেবাননের জনগণের স্বার্থেই পরিচালিত হয়েছে। তবে একই সঙ্গে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র লেবাননের সার্বভৌমত্বের প্রশ্নটি পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছে। তার ভাষায়, ইসরায়েলের সঙ্গে ওয়াশিংটনের আচরণ একটি ‘ষড়যন্ত্র ও বিভেদ সৃষ্টির প্রচেষ্টা’।
আলোচনায় উভয় নেতা লেবাননে চলমান সংঘাত ও ইসরায়েলি সামরিক উপস্থিতি নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। এ লক্ষ্যে সদ্য গঠিত ‘ডিকনফ্লিকশন’ ইউনিটের জরুরি বৈঠক আহ্বানের প্রয়োজন রয়েছে বলেও তারা একমত হন। সূত্র: আলজাজিরা