খামেনির শেষ বিদায়ে তেহরানে সরকারি কার্যক্রম স্থগিত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায় অনুষ্ঠানের কারণে রাজধানী শহরসহ গোটা তেহরান প্রদেশে শনিবার (৪ জুলাই) থেকে মঙ্গলবার (৭ জুলাই) পর্যন্ত সব ধরনের সরকারি কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।

তেহরানের গভর্নর মোহাম্মদ সাদেগ মোতামেদিয়ান জানিয়েছেন, জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে পুরো প্রদেশ এই চার দিন বন্ধ থাকবে। দেশ-বিদেশ থেকে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের কারণে প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, ‘শহীদ নেতা’ খামেনির শেষ শ্রদ্ধা জানাতে আসা লাখো মানুষের নিরাপদে তেহরান ত্যাগের সুবিধার্থে মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

খামেনির জানাজা ও শোকানুষ্ঠান উপলক্ষে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কয়েক দিনব্যাপী এই রাষ্ট্রীয় আয়োজনে ইরানজুড়ে শোক পালন করা হচ্ছে এবং বিদেশি প্রতিনিধি দলগুলোরও অংশ নেওয়ার কথা রয়েছে। সূত্র: আলজাজিরা