জুমার নামাজের পর আল-আকসার গ্র্যান্ড মুফতিকে আটক

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায়ের পর ফিলিস্তিন ও জেরুজালেমের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ হুসেইনকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণেই তাকে হেফাজতে নেওয়ার ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাতে জানা গেছে, শেখ মোহাম্মদ হুসেইন জুমার খুতবা প্রদান এবং মুসল্লিদের ইমামতি করার দায়িত্ব পালন শেষ করার পরপরই ইসরায়েলি সেনারা তাকে ঘিরে ফেলে।পরে আল-আকসা মসজিদ প্রাঙ্গণ থেকেই তাকে আটক করে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সূত্র জানিয়েছে, ইসরায়েলি বাহিনী তাকে আটক করার পর অজ্ঞাত একটি স্থানে নিয়ে যায়।

তবে ঠিক কী কারণে তাকে আটক করা হয়েছে, তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়েছে কি না কিংবা বর্তমানে কোথায় রাখা হয়েছে, এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

ঘটনার পরপরই ফিলিস্তিনি মহলে উদ্বেগ তৈরি হলেও ইসরায়েলি কর্তৃপক্ষ এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা বা মন্তব্য দেয়নি। ফলে গ্র্যান্ড মুফতিকে আটকের কারণ এবং তার বর্তমান অবস্থান নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। সূত্র: আলজাজিরা