যুক্তরাষ্ট্রের কৌশল ও অবস্থান সম্পর্কে ইরান এখন পুরোপুরি সচেতন বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তেহরানের প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র একদিকে মধ্যপ্রাচ্যে নতুন সামরিক সরঞ্জাম মোতায়েন করছে, অন্যদিকে যুদ্ধ বন্ধ করার দাবি করছে।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র একের পর এক নতুন সামরিক সরঞ্জাম এই অঞ্চলে নিয়ে আসছে, আবার একই সময়ে বলছে তারা যুদ্ধ বন্ধ করতে চায়।’
মার্কিন অবস্থানের সমালোচনা করে গালিবাফ আরও বলেন, ‘তারা মনে করছে আমাদের বুদ্ধিমত্তাও তাদের বুদ্ধির মতোই সীমিত।’
তার দাবি, যুক্তরাষ্ট্রের এমন কৌশলগত পদক্ষেপ সম্পর্কে ইরান এখন পুরোপুরি অভিজ্ঞ হয়ে উঠেছে এবং ওয়াশিংটনের এই ধরনের কৌশল বা ‘খেলা’ শনাক্ত করার সক্ষমতা অর্জন করেছে।
গালিবাফ বলেন, ‘আমরা এখন এমন পর্যায়ে পৌঁছেছি, যেখানে যুক্তরাষ্ট্রের এসব কৌশল সহজেই বুঝতে পারি।’
তিনি আরও বলেন, কোনো পক্ষের বক্তব্যের সঙ্গে তাদের বাস্তব কর্মকাণ্ডের মিল থাকতে হবে। শুধু মুখের কথায় শান্তির দাবি জানিয়ে একই সঙ্গে সামরিক তৎপরতা চালিয়ে যাওয়া গ্রহণযোগ্য নয়।
তার ভাষায়, ‘দাবির সত্যতা প্রমাণ করতে হবে বাস্তব কর্মকাণ্ডের মাধ্যমে, পরস্পরবিরোধী আচরণের মাধ্যমে নয়।’ সূত্র: আলজাজিরা