যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান এখন ‘পূর্ণমাত্রার যুদ্ধে’ জড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, বর্তমান সংঘাতের বাস্তবতা মেনে নিয়ে এর পরিণতি মোকাবিলার জন্য দেশের জনগণকে প্রস্তুত থাকতে হবে।
ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের প্রকাশিত এক বিবৃতিতে পেজেশকিয়ান বলেন, ‘বাস্তবতা হলো, আজ ইসলামি প্রজাতন্ত্র ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি পূর্ণমাত্রার যুদ্ধে লিপ্ত। আমাদের বাস্তববাদী হতে হবে এবং এই প্রতিরোধের স্বাভাবিক পরিণতিগুলো মেনে নিতে হবে।’
তিনি ইঙ্গিত দেন, চলমান সংঘাত শুধু সামরিক নয়, বরং দেশের সামগ্রিক পরিস্থিতির ওপরও এর প্রভাব পড়বে। সেই কারণে জাতীয় ঐক্য, ধৈর্য এবং প্রতিরোধের মনোভাব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পেজেশকিয়ানের এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা আরও তীব্র হয়েছে এবং উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলার খবর সামনে আসছে।
এই পরিস্থিতিতে সংঘাতের বিস্তার এবং এর সম্ভাব্য আঞ্চলিক প্রভাব নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে। সূত্র: আলজাজিরা