যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উন্নতি ও সম্ভাব্য আলোচনায় অগ্রগতির জন্য ওয়াশিংটনকে তাদের ‘আধিপত্যবাদী’ নীতি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদির বৈঠকের ফাঁকে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
সম্প্রতি ইরাকের প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের প্রসঙ্গ তুলে আরাঘচি বলেন, ওয়াশিংটন সফর শেষে তিনি নিজের পর্যবেক্ষণ ও মতামত তেহরানের কাছে তুলে ধরেছেন, যা সম্পূর্ণ স্বাভাবিক একটি বিষয়।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে মধ্যস্থতাকারীর কোনো ঘাটতি নেই। এ ভূমিকা পালনের জন্য যথেষ্ট মধ্যস্থতাকারী ইতোমধ্যেই রয়েছে।
আরাঘচির ভাষায়, দুই পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদানই মূল সমস্যা নয়। প্রকৃত সমস্যা হলো যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অযৌক্তিক, অতিরিক্ত এবং আধিপত্যবাদী মনোভাবের জবাবে ইরান দৃঢ় অবস্থান নিয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র বুঝতে না পারবে যে ইরানের জনগণ ও তাদের স্বার্থকে সম্মান জানানো ছাড়া সামনে এগোনোর অন্য কোনো পথ নেই, ততদিন পর্যন্ত কোনো উদ্যোগই কার্যকর হবে না। সূত্র: আলজাজিরা