গৃহযুদ্ধে নিখোঁজদের খুঁজতে সরকারি সংস্থা গড়ছে সিরিয়া

গৃহযুদ্ধ চলাকালে নিখোঁজ হওয়া হাজারো মানুষের সন্ধান ও সংশ্লিষ্ট বিষয়গুলো পরিচালনার জন্য নতুন একটি সরকারি সংস্থা গঠনের ঘোষণা দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে এবং এ বিষয়ে অভিজ্ঞ দেশগুলোর সহযোগিতায় নিখোঁজ ব্যক্তিদের বিষয়টি দেখভালের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

আহমেদ আল-শারা বলেন, ‘আন্তর্জাতিক মানদণ্ড এবং এ বিষয়ে অভিজ্ঞ দেশগুলোর সহযোগিতায় নিখোঁজদের বিষয়টি পরিচালনার জন্য আমরা একটি কমিটি গঠন করেছি।’

তিনি জানান, দীর্ঘদিনের সংঘাতের কারণে নিখোঁজ হওয়া ব্যক্তিদের ভাগ্য নির্ধারণ, তথ্য সংগ্রহ এবং তাদের পরিবারের কাছে জবাবদিহি নিশ্চিত করাই হবে নতুন সংস্থাটির অন্যতম প্রধান দায়িত্ব।

একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞা শিথিলের প্রসঙ্গও তুলে ধরেন সিরিয়ার প্রেসিডেন্ট। তিনি বলেন, শুধু অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেই হবে না, সিরিয়াকে যদি এখনো সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকায় রাখা হয়, তাহলে সেই সিদ্ধান্তের বাস্তব সুফল পাওয়া যাবে না।

আল-শারার ভাষায়, ‘সিরিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে বাদ না দিলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার কার্যত ফলহীন হয়ে থাকবে।’ সূত্র: আলজাজিরা