মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইরান ও পার্শ্ববর্তী দেশগুলোতে চার হাজারের বেশি শিশু নিহত বা আহত হয়েছে। এর মধ্যে শুধু ইরানেই আড়াই হাজারের বেশি শিশু হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)।
ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক আবদুল ফোফানা এক বিবৃতিতে এ তথ্য জানান।
বিবৃতিতে বলা হয়, গত পাঁচ মাসের সংঘাতে ইরানে ৩৮৬ শিশু নিহত এবং দুই হাজার ১১৭ শিশু আহত হয়েছে। ফলে দেশটিতে মোট শিশু হতাহতের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে।
ইউনিসেফ জানায়, সর্বশেষ ৩০ জুলাই ইরানের দক্ষিণ উপকূলের কেশম দ্বীপে একটি আবাসিক ভবনে যুক্তরাষ্ট্রের হামলায় মা-বাবার সঙ্গে দুই বছরের এক শিশু নিহত হয়। এ ঘটনায় আরও দুই শিশু আহত হয়েছে।
আবদুল ফোফানা বলেন, সাম্প্রতিক হামলাগুলো প্রমাণ করছে যে পুরো অঞ্চলজুড়ে শিশুরাই সংঘাতের সবচেয়ে বড় মূল্য দিচ্ছে। যে সংঘাত তারা শুরু করেনি এবং থামানোরও কোনো ক্ষমতা তাদের নেই, সেই সংঘাতের সবচেয়ে ভয়াবহ শিকার তারাই।
তিনি বলেন, শিশুদের সবচেয়ে নিরাপদ থাকার কথা যে বাড়ি, স্কুল বা নিজ এলাকার মতো স্থানগুলোতে, সেখানেই তারা প্রাণ হারাচ্ছে কিংবা স্থায়ীভাবে আহত হচ্ছে।
ইউনিসেফ বিবদমান সব পক্ষকে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলেছে, যুদ্ধবিরতির প্রতি পূর্ণ সম্মান দেখাতে হবে এবং অবিলম্বে সহিংসতা বন্ধ করতে হবে। একই সঙ্গে যেখানেই থাকুক না কেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।