ট্রাম্প ১০৬ বার ইরানের পরাজয় ঘোষণা করেছেন: কোসারি

ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য ইসমাইল কোসারি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১০৬ বার ইরানের পরাজয়ের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি ট্রাম্পের আলোচনার কৌশলকে ‘পরস্পরবিরোধী ও অবিশ্বস্ত’ বলে মন্তব্য করেছেন।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

আইআরআইবিকে দেওয়া সাক্ষাৎকারে কোসারি বলেন, ট্রাম্প ৭৫ বার দাবি করেছেন যে হরমুজ প্রণালি উন্মুক্ত রয়েছে, যদিও বাস্তবে তা ছিল না।

তার দাবি, ট্রাম্প আরও ৮৮ বার বলেছেন যে তেহরানের সঙ্গে একটি সমঝোতা খুব শিগগিরই হতে যাচ্ছে। তবে এসব বক্তব্য বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

কোসারির ভাষায়, ট্রাম্পের অবস্থান বারবার পরিবর্তিত হয়েছে এবং তার বক্তব্যে ধারাবাহিকতার অভাব রয়েছে। এ কারণে ইরান যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাবকে নির্ভরযোগ্য বলে মনে করে না। সূত্র: আলজাজিরা