'সৌদি বাহিনী, ভাড়াটে যোদ্ধা, সামরিক ঘাঁটির নিরাপত্তা নেই'

সৌদি আরবের সেনাবাহিনী ও তাদের সমর্থকদের আবারও হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুথি আন্দোলন। হুথি রাজনৈতিক ব্যুরোর সদস্য হিজাম আল-আসাদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সৌদি বাহিনী ও তাদের কথিত ভাড়াটে যোদ্ধাদের নিরাপত্তা নিয়ে হুমকি দেন।

তিনি বলেন, ইয়েমেনে থাকা সৌদি বাহিনী, তাদের ভাড়াটে যোদ্ধা কিংবা তাদের সামরিক ঘাঁটি, কোনোটিই নিরাপদ নয়।

হুথি এই কর্মকর্তা আরও বলেন, যারা হুথিদের সামরিক অভিযানের নিন্দা করছে, তাদের উচিত নিজেদের দেশ ও ভূখণ্ডে সৌদি সামরিক ঘাঁটি স্থাপনের সুযোগ দেওয়া এবং নিজেদের দেশের জনগণের মধ্য থেকে সৌদি বাহিনীর জন্য ভাড়াটে যোদ্ধা নিয়োগের অনুমতি দেওয়া।

অন্য এক পোস্টে আল-আসাদ দাবি করেন, নিজেদের অধিকার পুনরুদ্ধার, ইয়েমেনের ওপর অবরোধ প্রত্যাহার এবং জনগণের অধিকার, স্বাধীনতা ও মুক্তির পথে বাধা সৃষ্টি করা প্রত্যেক ব্যক্তির বিরুদ্ধে লড়াই করতে হুথি বাহিনী বাধ্য হচ্ছে।

জাতীয়তা বিবেচনা না করে যারা ইয়েমেনের জনগণের অধিকারের পথে বাধা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

হুথিদের এই বক্তব্য এসেছে ইয়েমেনে সাম্প্রতিক হামলা ও পাল্টাপাল্টি সামরিক উত্তেজনার মধ্যে। সৌদি আরব এর আগে ইরানপন্থী ইরাকি গোষ্ঠী ও হুথিদের সম্ভাব্য সমন্বিত হামলার আশঙ্কার কথা জানিয়েছিল। সূত্র: আলজাজিরা