সৌদি আরবের নাজরান অঞ্চল এবং ইয়েমেনের মারিব ও হাদরামাউতে সরকারি বাহিনীর অবস্থানে হুথিদের হামলার নিন্দা জানিয়েছে আরব লীগ। সংস্থাটির মহাসচিব নাবিল ফাহমি এক বিবৃতিতে এ নিন্দা জানান বলে আল জাজিরা জানিয়েছে।
বিবৃতিতে ফাহমি বলেন, সৌদি ভূখণ্ডে হামলা চালিয়ে বেসামরিক মানুষের জীবন ঝুঁকির মধ্যে ফেলা এবং একই সঙ্গে ইয়েমেনের অভ্যন্তরে হামলা চালানো অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে।
আরব লীগের মহাসচিবের মতে, হুথিদের এসব হামলা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি তৈরি করছে। একই সঙ্গে এসব হামলা উত্তেজনা কমানোর প্রচেষ্টা এবং রাজনৈতিক সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনাকেও ক্ষতিগ্রস্ত করছে।
বিবৃতিতে সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে লক্ষ্য করে যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দেশটির প্রতি আরব লীগের পূর্ণ সংহতি প্রকাশ করা হয়। একই সঙ্গে হুথিদের হামলা এবং ইয়েমেনে চলমান উত্তেজনা বন্ধের আহ্বান জানানো হয়েছে।
ফাহমি বলেন, বর্তমান পরিস্থিতিতে উত্তেজনা কমানো এবং এমন সব কর্মকাণ্ড থেকে বিরত থাকা জরুরি, যেগুলো সংঘাতের পরিধি আরও বাড়িয়ে দিতে পারে। একই সঙ্গে তিনি ইয়েমেন সংকটের রাজনৈতিক সমাধানের পথে ফিরে যাওয়ার আহ্বান জানান। সূত্র: ডন