'মুসলিমরা এক হলে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব'

মধ্যপ্রাচ্যের দেশগুলোকে বাইরের শক্তির ওপর নির্ভরতা কমিয়ে নিজেদের সক্ষমতার ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। একই সঙ্গে মুসলিম দেশগুলোর মধ্যে প্রকৃত ভ্রাতৃত্ব ও ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সামরিক শক্তির বিরুদ্ধে নিজেদের প্রস্তুতি, সক্ষমতা ও শক্তি প্রদর্শন করেছে।

মুসলিম দেশগুলোর ঐক্যের গুরুত্ব তুলে ধরে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, মুসলিমরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ালে বাইরের যেকোনো প্রতিকূল শক্তির দেওয়া চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।

আরাঘচি বলেন, বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিজেদের শক্তির ওপর নির্ভর করার সময় এসেছে। তাঁর মতে, আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে বাইরের শক্তির ওপর অতিরিক্ত নির্ভরতার পরিবর্তে নিজেদের মধ্যে সহযোগিতা ও সংহতি জোরদার করা প্রয়োজন।

তিনি আরও বলেন, এখন সময় এসেছে কেবল নিজেদের ওপর আস্থা রাখার এবং সত্যিকারের ভ্রাতৃত্বকে গ্রহণ করার।

ইরানের এই আহ্বান এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে মধ্যপ্রাচ্যে সামরিক ও কূটনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে। একই সময়ে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি নিয়ে আঞ্চলিক নিরাপত্তা সমীকরণেও নতুন আলোচনা শুরু হয়েছে।