সৌদি আরব ইয়েমেনের সংঘাতকে এখন ‘অবশ্যম্ভাবী যুদ্ধ’ হিসেবে দেখছে বলে মন্তব্য করেছেন দেশটির অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আহমেদ আল-মাইমুনি। তিনি ইরানবিষয়ক গবেষণাপ্রতিষ্ঠান রাসানাহ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটের গবেষণা বিভাগের প্রধান।
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে সাম্প্রতিক প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে আল-মাইমুনি বলেন, তিন দেশই নিজেদের অভিন্ন স্বার্থে আরও ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তা দেখছে।
তবে এই সহযোগিতাকে শুধু ইসরায়েল বা ইরানকে লক্ষ্য করে গড়ে ওঠা উদ্যোগ হিসেবে দেখা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, আঞ্চলিক বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী এবং অস্থিতিশীলতা থেকে সৃষ্ট বৃহত্তর নিরাপত্তা হুমকির জবাব দেওয়াও এই সহযোগিতার অন্যতম উদ্দেশ্য।
ইয়েমেন প্রসঙ্গে আল-মাইমুনি বলেন, সৌদি আরবে প্রায় ৪০ লাখ ইয়েমেনি বসবাস করেন। তাই দেশটির কেউই ইয়েমেনে আরেকটি যুদ্ধ চায় না। তবে তার দাবি, হুথিরা ইয়েমেনকে নিজেদের নিয়ন্ত্রণে আটকে রাখতে চাইছে।
এ কারণে সৌদি আরবের দৃষ্টিতে ইয়েমেনের বর্তমান সংঘাত এড়িয়ে যাওয়ার মতো বিষয় নয় বলে মন্তব্য করেন তিনি। তার ভাষায়, হুথিদের কর্মকাণ্ড মোকাবিলায় সৌদি আরবের জন্য এই সংঘাত এখন ‘প্রয়োজনের যুদ্ধ’ হয়ে উঠেছে। সূত্র: আলজাজিরা