ইরানকে বিজয়ী মানলে এখনই শান্তি চুক্তি: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরান ও দেশটির জনগণের অধিকার স্বীকার করে, তাহলে এখনই যুদ্ধ শেষ করে শান্তি চুক্তিতে পৌঁছানোর সবচেয়ে ভালো সময়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএকে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

পেজেশকিয়ান বলেন, বর্তমান পরিস্থিতিতে ইরান নিজেকে এই যুদ্ধ ও সংঘাতে বিজয়ী ও শক্তিশালী হিসেবে বিবেচনা করছে। একই সঙ্গে দেশের ভেতরে ঐক্য, সংহতি ও শক্তিও রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ইরানি প্রেসিডেন্টের ভাষ্য, এমন পরিস্থিতিতে সংলাপের মাধ্যমে দেশের অধিকার ও দাবিগুলো এগিয়ে নেওয়া সম্ভব। তবে এজন্য যুক্তরাষ্ট্রকে ইরান ও দেশটির জনগণের অধিকার স্বীকার করে তা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, ইরানের দাবি দেশের ও জনগণের অধিকার নিশ্চিত করার মধ্যেই সীমাবদ্ধ। যুদ্ধের পরিবর্তে নিজেদের মৌলিক বিশ্বাস ও মূল্যবোধ অক্ষুণ্ন রেখে একটি সমঝোতায় পৌঁছানোই এখন তাদের লক্ষ্য।

পেজেশকিয়ান আরও বলেন, প্রায় প্রতিদিনই যুদ্ধ ও শান্তির মধ্যবর্তী বর্তমান পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় নিয়ে আলোচনা হচ্ছে। এমন একটি সমঝোতায় পৌঁছাতে চায় তেহরান, যেখানে দেশের মৌলিক বিশ্বাস ও মূল্যবোধ সুরক্ষিত থাকবে এবং একই সঙ্গে ইরানে আবার হামলা চালানোর কোনো সুযোগ বা প্রত্যাশা শত্রুপক্ষের মধ্যে থাকবে না। সূত্র: ডন