ইরানের বর্তমান পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ ঐক্য ও সংহতি বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ভেতরে বিভেদ ও অভ্যন্তরীণ সংঘাত তৈরির চেষ্টা করতে পারে বলে সতর্ক করেছেন তিনি।
এক সংবাদ সম্মেলনে পেজেশকিয়ান বলেন, যুদ্ধ ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে একটি দেশকে আত্মসমর্পণ বা নির্দিষ্ট দাবি মেনে নিতে বাধ্য করা সম্ভব নয়, এ কথা যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের বিশ্লেষকেরাও জানেন। তাঁর মতে, এর পরিবর্তে মতবিরোধ, বিভাজন ও অভ্যন্তরীণ সংঘাতের মাধ্যমে একটি দেশকে দুর্বল করার চেষ্টা করা হতে পারে।
ইরানি প্রেসিডেন্ট বলেন, সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের প্রতি তেহরানের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। একই সঙ্গে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের পক্ষেও অবস্থান জানান তিনি এবং বলেন, ওই সমঝোতার মাধ্যমে ইরান কোনো ছাড় দেয়নি।
পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন, ওয়াশিংটন ঔপনিবেশিক ও অপরাধমূলক আচরণ করে এবং ইরান তার নিজস্ব অবস্থানেই রয়েছে। তবে তাঁর ভাষ্য, কূটনৈতিক তৎপরতার মাধ্যমে যুক্তরাষ্ট্রকে তেহরানের সঙ্গে আলোচনায় বসতে বাধ্য করা গেছে।
তিনি বর্তমান পরিস্থিতিতে দেশের ভেতরে বিভাজন এড়িয়ে ঐক্য ও সংহতি বজায় রাখার ওপর গুরুত্ব দেন। তাঁর বক্তব্যে যুদ্ধের পাশাপাশি ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক ঐক্যকেও বর্তমান পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তুলে ধরা হয়। সূত্র: ডন