ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনিকে নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা চলছিল। জনসমক্ষে তার উপস্থিতিও চোখে পড়ার মতো ছিল না। এর মধ্যেই শনিবার (৮ আগস্ট) তার একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি।
ভিডিওতে কয়েকজন ব্যক্তিকে মোজতবা খামেনিকে ঘিরে থাকতে দেখা যায়। এ সময় তিনি আশপাশের লোকজনের সঙ্গে কথা বলছিলেন বলে মনে হয়েছে।
তবে ভিডিওটি ঠিক কখন এবং কোথায় ধারণ করা হয়েছে, তা মেহের নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। এমনকি মোজতবাকে ঘিরে থাকা ব্যক্তিদের পরিচয়ও জানানো হয়নি।
ইরানের সংবাদমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও জানিয়েছে, ভিডিওটির ধারণের স্থান ও সময় সম্পর্কে মেহের নিউজ কোনো বিস্তারিত তথ্য দেয়নি।
এর আগে, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালায়। ওই হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার ও সাধারণ নাগরিক নিহত হন।
এর প্রতিক্রিয়ায় ইরান ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলো লক্ষ্য করে কয়েক দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।
দীর্ঘ সময় পর মোজতবা খামেনির উপস্থিতির ভিডিও প্রকাশ্যে আসায় তার শারীরিক অবস্থা এবং বর্তমান কর্মকাণ্ড নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
উল্লেখ্য, মোজতবা খামেনি নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে। মার্চের শুরুর দিকে দেশটির ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ তাকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করে।
তবে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বা সম্পাদনা করা হয়েছে কি না, সে বিষয়ে এখনো কোনো ফ্যাক্ট-চেক করা হয়নি।