সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লোহিত সাগর উপকূলে অবস্থিত সৌদি আরামকোর জিজান তেল শোধনাগারে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথিরা।
রোববার (৯ আগস্ট) এক বিবৃতিতে হুথিরা জানায়, তারা ড্রোনের মাধ্যমে জিজানে সৌদি আরামকোর শোধনাগারটি সফলভাবে লক্ষ্যবস্তু করেছে। সাদাহ ও হাজ্জাহ গভর্নরেটের আকাশসীমায় সৌদি ড্রোনের কথিত অনুপ্রবেশের জবাবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তারা।
এর আগে ভোরে জিজানে সৌদি আরামকোর একটি স্থাপনায় আগুন লাগার কথা জানায় সৌদি জ্বালানি মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায়, কোম্পানির অগ্নিনির্বাপণ দল দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে আগুন লাগার ঘটনাটি হুথিদের দাবিকৃত ড্রোন হামলার সঙ্গে সরাসরি সম্পর্কিত কি না, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষ কোনো তথ্য দেয়নি। ফলে হামলার দাবি ও অগ্নিকাণ্ডের মধ্যকার সম্পর্কও তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের মধ্যে সৌদি আরবকে লক্ষ্য করে হুথিদের হামলা সাম্প্রতিক সময়ে বেড়েছে। এর ফলে উপসাগরীয় অঞ্চল থেকে লোহিত সাগর হয়ে তেল রপ্তানির বিকল্প ব্যবস্থা নেওয়ার সৌদি প্রচেষ্টাও নতুন চ্যালেঞ্জের মুখে পড়ছে। সূত্র: সিএনএন