যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সরাসরি আলোচনা হচ্ছে না এবং জুনে স্বাক্ষরিত অন্তর্বর্তী চুক্তির শর্ত ওয়াশিংটন ভঙ্গ করা অবস্থায় নতুন করে আলোচনায় বসবে না ইরান, এমন মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
রয়টার্সের বরাতে এ তথ্য জানানো হয়েছে। আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনা না চললেও মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদান হচ্ছে।
তিনি বলেন, জুনে স্বাক্ষরিত অন্তর্বর্তী চুক্তি যুক্তরাষ্ট্র লঙ্ঘন করছে বলে তেহরান মনে করে। এ অবস্থায় ওয়াশিংটনের সঙ্গে নতুন করে আলোচনায় বসার কোনো উদ্যোগ নেবে না ইরান।
এদিকে হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে একটি সমঝোতা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানান আরাঘচি। তবে এই সমঝোতা হলেই কৌশলগত এই জলপথ পুনরায় খুলে দেওয়া হবে না বলে তিনি স্পষ্ট করেছেন।
মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে উদ্ধৃত মন্তব্যে আরাঘচি বলেন, সমঝোতার আওতায় হরমুজ প্রণালি খুলে দেওয়া হলে কোন কোন নতুন নৌপথ ব্যবহার করা হবে, তা নির্ধারণ করা হবে। তবে এর আগে যুক্তরাষ্ট্রকে অন্যান্য নির্ধারিত শর্ত পূরণ করতে হবে।
আরাঘচির ভাষ্য অনুযায়ী, ওয়াশিংটন ওই শর্তগুলো পূরণ করার পরই হরমুজ প্রণালি পুনরায় বাণিজ্যিক চলাচলের জন্য খুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করবে ইরান। সূত্র: ডন