যুদ্ধ পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে খামেনি-পেজেশকিয়ান বৈঠক

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মোজতবা খামেনির সঙ্গে বৈঠক করেছেন। দেশের মানুষের জীবনযাত্রার প্রয়োজন, চলমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।

তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের তৃতীয় বছরে প্রবেশের সময় মোজতবা খামেনির সঙ্গে এই বৈঠক করেন পেজেশকিয়ান। আলোচনায় দেশের বিভিন্ন সমস্যা ও বর্তমান পরিস্থিতি বিশেষ গুরুত্ব পায়।

বৈঠকে মানুষের জীবনযাত্রার প্রয়োজন মেটানোর বিষয়টি নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন সর্বোচ্চ নেতা ও প্রেসিডেন্ট। পাশাপাশি দেশের অর্থনৈতিক পরিস্থিতি সামাল দেওয়ার বিভিন্ন উপায় নিয়েও আলোচনা হয়।

চলমান তৃতীয় দফার যুদ্ধের পরিস্থিতি এবং সামনে দেশের ভবিষ্যৎ কী হতে পারে, সেটিও বৈঠকের আলোচনায় উঠে আসে। সামরিক খাতের বর্তমান পরিস্থিতি ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও তারা মতবিনিময় করেন।

এ ছাড়া রিয়াল, বৈদেশিক মুদ্রা ও জ্বালানি ব্যবস্থাপনার ক্ষেত্রে সম্পদ নিশ্চিত করা এবং ব্যয় নিয়ন্ত্রণের সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা হয়েছে। বিদেশি দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক যোগাযোগ বাড়ানোর বিষয়টিও বৈঠকে স্থান পায়।

তাসনিম জানিয়েছে, দেশের অভ্যন্তরীণ সমস্যা, মানুষের প্রয়োজন, যুদ্ধকালীন পরিস্থিতি ও অর্থনৈতিক ব্যবস্থাপনা, সব মিলিয়ে ইরানের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ করণীয় নিয়েই মূলত সর্বোচ্চ নেতা ও প্রেসিডেন্টের মধ্যে বিস্তারিত মতবিনিময় হয়েছে। সূত্র: তাসনিম নিউজ এজেন্সি