'ইরানে মার্কিন সেনা ঢুকলে কঠোর জবাব দেওয়া হবে'

ইরানে কোনো মার্কিন সেনা স্থলপথে প্রবেশ করলে কঠোর ও প্রতিরোধমূলক জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাবাহিনীর স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহানশাহী।

রোববার (৯ আগস্ট) দক্ষিণ-পূর্ব ইরানে স্থলবাহিনীর বিভিন্ন ইউনিট পরিদর্শনের সময় তিনি এ সতর্কবার্তা দেন। জাহানশাহী বলেন, যেকোনো ধরনের স্থল হুমকি মোকাবিলায় ইরানের স্থলবাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে।

তিনি জানান, সম্ভাব্য বিভিন্ন স্থল হুমকি মোকাবিলার সক্ষমতা বাড়াতে ইরানের স্থলবাহিনী সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিক, নির্ভুল ও বিশেষায়িত প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়েছে। এর মাধ্যমে বাহিনীর সদস্যদের বিভিন্ন পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া জানানোর জন্য প্রস্তুত করা হয়েছে।

মার্কিন সামরিক উপস্থিতির বিষয়ে জাহানশাহী বলেন, ইরানে কোনো মার্কিন সামরিক সদস্য প্রবেশ করলে তার বিরুদ্ধে নির্ধারক ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে। তিনি এ বিষয়ে অত্যন্ত কঠোর ভাষায় ইরানের অবস্থান তুলে ধরেন।

ইরানের সশস্ত্র বাহিনী ও জনগণের দৃঢ়তার কারণে প্রতিপক্ষের হিসাব-নিকাশ ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন এই ইরানি কমান্ডার। বিভিন্ন ফ্রন্টে সেনাদের প্রতি জনগণের সমর্থন জাতীয় সংহতি আরও শক্তিশালী করেছে বলে তিনি মন্তব্য করেন।

জাহানশাহী আরও বলেন, সীমান্ত এলাকায় স্থলবাহিনীর ইউনিটগুলো সর্বোচ্চ যুদ্ধপ্রস্তুতি বজায় রেখেছে। তারা নিয়মিত বিভিন্ন গতিবিধি পর্যবেক্ষণ এবং সম্ভাব্য হুমকি শনাক্ত করতে কাজ করছে। একই সঙ্গে দেশের সীমান্ত সুরক্ষায় এসব ইউনিট দায়িত্ব পালন করে যাচ্ছে।

সীমান্ত এলাকায় দ্রুত প্রতিক্রিয়াশীল বাহিনী, বিশেষ বাহিনী, ড্রোন, কামান ও সাঁজোয়া ইউনিটের কার্যকর উপস্থিতির কথাও উল্লেখ করেন তিনি। এসব ইউনিটের মোতায়েন সীমান্ত সুরক্ষা এবং দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই করা হয়েছে বলে জানান ইরানের স্থলবাহিনীর এই কমান্ডার। সূত্র: তাসনিম নিউজ এজেন্সি