হরমুজ নিয়ে কোনোভাবেই পিছু হটবে না ইরান: আয়াতুল্লাহ লারিজানি

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে কোনোভাবেই পিছু হটবে না ইরান। দেশটির সাবেক প্রধান বিচারপতি ও বর্তমানে এক্সপিডিয়েন্সি কাউন্সিলের প্রধান আয়াতুল্লাহ আমোলি লারিজানি বলেছেন, যেকোনো মূল্যেই এই জলপথে নিজেদের অবস্থান ধরে রাখবে তেহরান।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া বক্তব্যে লারিজানি বলেন, হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্ব রয়েছে। দেশটির শত্রুরা ইরানকে অবরুদ্ধ করার চেষ্টা করলেও এই কৌশলগত জলপথ নিয়ে তেহরান কোনো ছাড় দেবে না।

তিনি বলেন, হরমুজ প্রণালি ইরানের জন্য শুধু একটি গুরুত্বপূর্ণ নৌপথ নয়, বরং দেশটির সার্বভৌম অধিকার ও কৌশলগত স্বার্থের সঙ্গেও সরাসরি সম্পর্কিত। তাই এই জলপথ নিয়ে চাপ বা হুমকির মুখে ইরান পিছু হটার প্রশ্নই আসে না।

লারিজানির এ বক্তব্য এমন সময়ে এলো, যখন হরমুজ প্রণালির চলাচল স্বাভাবিক করা নিয়ে ইরান ও বিভিন্ন পক্ষের মধ্যে আলোচনা চলছে। প্রণালিটি ঘিরে তেহরানের অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে উত্তেজনাও অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, ইরানের ওপর চাপ সৃষ্টি এবং দেশটিকে ঘিরে অবরোধ তৈরির প্রচেষ্টা চালানো হলেও হরমুজ নিয়ে তেহরানের অবস্থান অপরিবর্তিত থাকবে। সূত্র: আলজাজিরা