ইরান-পাকিস্তান সম্পর্ক আগের চেয়েও গুরুত্বপূর্ণ: তেহরান

যুদ্ধ শুরুর পর ইরান ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক আগের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছে তেহরান। একই সঙ্গে চলমান পরিস্থিতিতে পাকিস্তানকে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে উল্লেখ করেছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুদ্ধ শুরুর পর ইসলামাবাদ ও তেহরানের সম্পর্কের গুরুত্ব আরও বেড়েছে। দুই প্রতিবেশী দেশের সম্পর্ককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, পারস্পরিক সম্পর্কের অংশ হিসেবেই দুই দেশের কর্মকর্তাদের সফর স্বাভাবিক বিষয়।

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানানো হয়েছে, এ বিষয়ে জানতে চাইলে বাঘাই বলেন, উপযুক্ত সময় হলেই সফর হবে। এ ক্ষেত্রে মূল বিবেচনা থাকবে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক।

তিনি বলেন, ইরান ও পাকিস্তানের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবেশী দুই দেশের সুসম্পর্কের অংশ হিসেবেই এ ধরনের সফর স্বাভাবিক।

চলমান যুদ্ধ ও কূটনৈতিক তৎপরতার মধ্যে পাকিস্তান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। এ পরিস্থিতিতে তেহরানের পক্ষ থেকে ইসলামাবাদের সঙ্গে সম্পর্ককে আগের চেয়ে বেশি গুরুত্ব দেওয়ার বিষয়টি সামনে এলো। সূত্র: ডন