ইরানে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদে মোহসেন রেজাই

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব পদে মোহসেন রেজাইয়ের নিয়োগ দেশটির নিরাপত্তা কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন তেহরানে অবস্থানরত আল জাজিরার প্রতিবেদক তোহিদ আসাদি। তার মতে, রাজনৈতিক ও সামরিক বিষয় সমন্বয়ের কেন্দ্রস্থলে থাকা এই পদে পরিবর্তনের প্রভাব দেশের নিরাপত্তা নীতি ও কূটনীতিতে পড়তে পারে।

আসাদি বলেন, সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবের পদটি ইরানের রাজনৈতিক ও সামরিক বিষয়গুলোর সংযোগস্থলে অবস্থান করে। দেশের রাজনৈতিক ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন বিষয় এই কাঠামোর মাধ্যমে সমন্বয় করা হয়। ফলে পদটিতে পরিবর্তনকে কেবল প্রশাসনিক রদবদল হিসেবে দেখার সুযোগ নেই।

বর্তমান সময়ের কারণেও রেজাইয়ের নিয়োগকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ওমানের সঙ্গে ইরানের আলোচনা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পৃক্ততার ক্ষেত্রে তেহরান এখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পর্যায়ে রয়েছে। এ অবস্থায় নতুন সচিব নিয়োগের মাধ্যমে আগের নীতির ধারাবাহিকতা বজায় থাকবে, নাকি কিছুটা পরিবর্তন আসবে, সেদিকেও নজর রয়েছে।

অভ্যন্তরীণ রাজনীতির দিক থেকেও এই নিয়োগের তাৎপর্য রয়েছে। এর আগে মোহাম্মদ বাকের জোলকাদরকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব হিসেবে নিয়োগ দিয়েছিলেন প্রেসিডেন্ট। তবে তিনি একই সঙ্গে সর্বোচ্চ নেতার প্রতিনিধি ছিলেন কি না, সে বিষয়ে প্রকাশ্যে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

আসাদির মতে, মোহসেন রেজাইয়ের নতুন নিয়োগ প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতার মধ্যে নিরাপত্তা নীতির ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ সমন্বয়ের ইঙ্গিত দিতে পারে।

এর পাশাপাশি, ইরানের গুরুত্বপূর্ণ নিরাপত্তা কাঠামোয় রেজাইয়ের মতো সামরিক পটভূমির একজন ব্যক্তির নিয়োগকে দেশটির নিরাপত্তা ব্যবস্থায় সামরিক প্রভাব আরও বাড়ার সম্ভাব্য লক্ষণ হিসেবেও দেখা যেতে পারে। সূত্র: আলজাজিরা