বিদেশি শক্তির ওপর নির্ভর করে আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করা হলে সংশ্লিষ্ট দেশগুলোকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি শুক্রবার (১৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা দেন।
আজিজি বলেন, বিদেশি প্রভাবের ওপর নির্ভরতার কারণে আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি হলে তার বিরুদ্ধে ইরান সিদ্ধান্তমূলক ব্যবস্থা নেবে। একই সঙ্গে আঞ্চলিক দেশগুলোকে বিদেশি শক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীল না হওয়ার আহ্বান জানান তিনি।
ইরানি এই কর্মকর্তা আরও সতর্ক করে বলেন, যেসব আঞ্চলিক দেশ ইসলামের শত্রুদের কাছে নিজেদের সমর্পণ করবে, তাদের সার্বভৌমত্ব ঝুঁকির মধ্যে থাকবে এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যায়ে তাদের অবস্থান দুর্বল হয়ে পড়বে।
আজিজির এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আবারও বেড়েছে এবং হরমুজ প্রণালির নিরাপত্তা ও জাহাজ চলাচল নিয়ে দুই দেশের অবস্থান মুখোমুখি। শুক্রবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে এবং যুক্তরাষ্ট্র ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর কথা জানিয়েছে।
এর আগে ইরান জানিয়েছে, নিষেধাজ্ঞা প্রত্যাহার ও অন্যান্য শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি স্বাভাবিকভাবে খুলে দেওয়ার বিষয়ে তারা সম্মত নয়। ফলে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে ইরানের এই নতুন সতর্কবার্তাকে বৃহত্তর নিরাপত্তা ও ভূরাজনৈতিক চাপের অংশ হিসেবেও দেখা হচ্ছে। সূত্র: তাসনিম নিউজ এজেন্সি